নানীকে মামার মারধর, বাঁচাতে গেলে ভাগনেকে ছুরিকাঘাতে হত্যা
রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে নুরবাগ পুরাতন পুলিশ ফাঁড়ি গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টায় মৃত ঘোষণা করেন।
নিহত তানিন হোসেন সিফাত ও আহত তামিম আহমেদ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার জামিল হোসেনের ছেলে। তারা পরিবার নিয়ে ঢাকার কেরানীগঞ্জ জিনজিরা কালিন্দি এলাকায় থাকেন। দুই ভাই কামরাঙ্গীরচর নুরবাগ মনির চেয়ারম্যান গলিতে মেজো মামা রিপনের ইলেক্ট্রিক পণ্যের দোকানে কাজ করেন।
আহত তামিম আহমেদ জানান, দুপুরে তারা দুই ভাই মামার বাসায় খাবার খেতে যান। সেখানে যাওয়ার পর দেখেন, তাদের ছোট মামা রাকিব নানিকে মারধর করছে। তখন তামিম তাকে ঝাপটে ধরে রাখে। কিছুক্ষণ পর শান্ত হলে তাকে ছেড়ে দেন। তবে ছুটেই মামা রাকিব ধারালো ছুরি এনে ভাগনে তামিমকে প্রথমে আক্রমণ করে। তাকে ফেরাতে গেলে তানিনকেও ছুরিকাঘাত করেন তিনি।
নিহত তানিনের মেজো মামা মো. রিপন জানান, রাকিব মাদকাসক্ত। কোনো কাজই করেন না তিনি। মাঝেমাঝেই মা-বাবাকে মারধর করতেন। রোববার বিকেলে তাদেরকে মারধর করার সময় ভাগনেরা ফেরাতে গেলে তিনি তাদেরকে ছুরিকাঘাত করে।
চিকিৎসকের বরাত দিয়ে তানিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিস্তারিত তদন্ত করছে।
إرسال تعليق